পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
কৃষকদের মধ্যে সারের সুষম বণ্টন নিশ্চিত ও কৃত্রিম সংকট ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল ওয়েবসাইট সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার বিভিন্ন ডিলারের কাছে সারের মজুত, বিক্রি ও অবশিষ্টের তথ্য অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে।
মঙ্গলবার দুপুরে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেবাটির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন।
ইউএনও জানান, পবার প্রায় ২৫ জন ডিলারের সারের মজুত ও বিক্রির তথ্য ওয়েবসাইটের ড্যাশবোর্ডে দেখা যাবে। কোনো এলাকায় প্রয়োজনের তুলনায় অস্বাভাবিক হারে সার বিক্রি হলে সিস্টেমে সতর্কবার্তা আসবে। পরে সংশ্লিষ্ট এলাকায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কৃষকদের জন্য নতুন কোনো প্রক্রিয়া নেই। তাঁরা আগের মতোই ডিলারের কাছ থেকে সার কিনবেন। শুধু ডিলারদের নিয়মিত মজুত ও বিক্রির তথ্য ওয়েবসাইটে হালনাগাদ করতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সার প্রাপ্তি পর্যবেক্ষণ করবেন। তাঁদের পরিদর্শন জিপিএসের মাধ্যমে নথিভুক্ত হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, প্রান্তিক কৃষকের কাছে সঠিক সময়ে সার পৌঁছে দেওয়া প্রশাসনের বড় চ্যালেঞ্জ। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই ব্যবস্থায় সারের কৃত্রিম সংকট ও অনিয়ম ঠেকানোর পাশাপাশি বিতরণে স্বচ্ছতা বাড়বে। সফল হলে পর্যায়ক্রমে রাজশাহী জেলার অন্যান্য উপজেলায়ও এটি চালু করা হবে।
বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, শুধু ডিলারদের মজুত নয়, কোন এলাকায় কতজন কৃষক, তাঁদের জমির পরিমাণ ও ফসলভিত্তিক সারের চাহিদার তথ্যও ডিজিটাল ব্যবস্থায় যুক্ত করা প্রয়োজন। এতে আগে থেকেই এলাকার সারের চাহিদা নির্ধারণ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে।
‘পবা সার ডটকম’ একটি প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ। এটি ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে অ্যাপের মতো ব্যবহার করা যাবে। প্রকল্পটির নকশা, পরিচালনা ও কারিগরি উন্নয়ন করেছে সিল্কোরা কনসালটেন্সি লিমিটেড।