গোপালগঞ্জে কলেজছাত্র হত্যায় ২৪ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জে কলেজছাত্র জোবায়ের ভূঁইয়াকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে স্বপন মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই নয়ন সাহা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘোড়াদাই গ্রামের জোবায়ের ও তাঁর বাবা রমজান ভূঁইয়াকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী পুকুরিয়া গ্রামের ১০-১২ জন মারধর ও কুপিয়ে আহত করেন। পরে তাঁদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় জোবায়েরের মৃত্যু হয়।
এ ঘটনায় জোবায়েরের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে শুক্রবার সদর থানায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। নিহত জোবায়ের গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।