Advertisement
মেনু
নিউজ ফাস্ট
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ঢাকা
কনভার্টার

২৩ বছর পর মুক্ত বাতাসে মিঠু-ইসরাফিল, পুনর্বাসনে ডিসির ভ্যান উপহার

স্টাফ রিপোর্টার প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ 76 বার পঠিত
২৩ বছর পর মুক্ত বাতাসে মিঠু-ইসরাফিল, পুনর্বাসনে ডিসির ভ্যান উপহার
ছবি : সদ্য কারামুক্ত ইসরাফিলের হাতে ভ্যান তুলে দিচ্ছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

রাজশাহী প্রতিনিধি: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় কারাগারের চার দেয়ালে বন্দী থাকার পর মুক্ত বাতাসে ফিরেছিলেন রাজশাহীর মিঠু ও ইসরাফিল। কিন্তু মুক্তির আনন্দ ফিকে হয়ে গিয়েছিল ভবিষ্যৎ অনিশ্চয়তা ও চরম আর্থিক কষ্টে। অবশেষে সেই অন্ধকার কেটে তাঁদের স্বাভাবিক জীবনে ফেরার পথ সুগম হলো রাজশাহী জেলা প্রশাসনের হাত ধরে।
পবা উপজেলার বিলধর্মপুর গ্রামের মিঠু ও বাগমারা উপজেলার কোন্দা পশ্চিমপাড়া গ্রামের মো. ইসরাফিলের হাতে কর্মসংস্থানের নতুন অবলম্বন হিসেবে দুটি ভ্যান গাড়ি তুলে দিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এই ভ্যান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী উপস্থিত ছিলেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের নথি সূত্রে জানা যায়, ৩০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মিঠু ২০০৩ সালের ১১ অক্টোবর থেকে বন্দী ছিলেন এবং চলতি বছরের ১৬ জুলাই সাজা শেষে মুক্তি পান। অন্যদিকে ইসরাফিলও দীর্ঘ ২৩ বছর সাজা ভোগ করে সম্প্রতি কারামুক্ত হন। এতদিন পর সমাজে ফিরে উপার্জনের কোনো মাধ্যম না থাকায় চরম বিপাকে পড়েন তাঁরা। পরবর্তীতে কারাগার পরিদর্শনের সময় জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে ভ্যানের জন্য আবেদন জানান দুজনে।
নতুন জীবন শুরুর উপহার পেয়ে আবেগপ্লুত মিঠু জানান, “জীবনের এতগুলো বছর কারাগারে কেটেছে। বের হয়ে কীভাবে সংসার চালাব—তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। এই ভ্যানটি শুধু একটি যানবাহন নয়, এটি আমার নতুন করে বাঁচার পথ।”
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “দীর্ঘ সাজাভোগ শেষে বের হয়ে এই গরিব মানুষগুলো চরম অনিশ্চয়তায় ছিলেন। তাঁরা যেন সমাজে সুন্দরভাবে পুনর্বাসিত হতে পারেন এবং সততার সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, সে লক্ষ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ভ্যান উপহার দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে