দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক
রাজশাহী প্রতিনিধি: শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলার দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী সপ্তম রাজশাহী জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে ক্যাম্পুরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক। তিনি বলেন, স্কাউটিং শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ববোধের পাশাপাশি দেশসেবার মানসিকতা গড়ে তোলে। কাব ক্যাম্পুরীর মতো আয়োজন শিশুদের আনন্দের পাশাপাশি বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে।
জেলা প্রশাসক বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিশুদের মেধা ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণ বাড়াতে সহায়ক।
বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার আয়োজনে এবারের ক্যাম্পুরীতে জেলার ৬০টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৫০০ কাব স্কাউট অংশ নিয়েছে। এর মধ্যে ৪৩টি বালক ও ১৭টি বালিকা দল রয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্পুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের কমিশনার মো. নুরুল ইসলাম। এ সময় জেলার নয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, কাব স্কাউটদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে ক্যাম্পুরীর কর্মসূচি সাজানো হয়েছে। এতে শিক্ষামূলক, আনন্দদায়ক ও চ্যালেঞ্জিং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, আত্মনির্ভরতা ও দেশসেবার মানসিকতা বিকাশের সুযোগ রাখা হয়েছে।