রাজশাহীর নদী দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পদ্মা থেকে উৎসারিত নবগঙ্গা, বারাহী, স্বরমঙ্গলা ও বারনই নদীর দখল-দূষণ বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওহাটা ব্রিজ এলাকায় বারনই নদীর তীরে বরেন্দ্র ইয়ুথ ফোরাম, গ্রিন কোয়ালিশন, নওহাটা মৎস্যজীবী সমবায় সমিতি ও বারসিকের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীপাড়ের বাসিন্দা, জেলে, মৎস্যজীবী, নদী গবেষক, পরিবেশবাদী ও সামাজিক আন্দোলনকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী নগরের বিভিন্ন ড্রেন ও নালা দিয়ে অপরিশোধিত তরল ও কঠিন বর্জ্য, এমনকি মেডিকেল বর্জ্যও নদীগুলোতে গিয়ে পড়ছে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি সাপমারার বিল, বকমারি বিল, ভূগরোইল বিল, পাইকরের বিল, বড়বাড়িয়া বিল ও কর্ণহার বিলের কৃষি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
নদী গবেষক মাহবুব সিদ্দিকী বলেন, একসময় প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ এসব নদীর পানি বর্তমানে কালচে ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
নওহাটা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু সামা বলেন, দীর্ঘদিন ধরে দূষণের কথা জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নদীপাড়ের মানুষ এ সমস্যার স্থায়ী সমাধান চান।
মানববন্ধন থেকে নদীগুলোর সীমানা চিহ্নিত করে দখল-দূষণমুক্ত করা, আধুনিক বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা গড়ে তোলা, শিল্পকারখানা ও হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বর্জ্য শোধনাগার নিশ্চিত করা, দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নদী-বিলের পানি ও মাটির গুণগত মান পরীক্ষা করে ফলাফল প্রকাশসহ ছয় দফা দাবি জানানো হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী এবং বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) ড. চিত্রলেখা নাজনীন স্মারকলিপি গ্রহণ করেন।
বক্তারা রাজশাহীর নদ-নদী, বিল, কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণবৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।