মেধার ভিত্তিতে চাকরি চায় জকসু
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ বিবেচনা না করে মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসহ বিভিন্ন সরকারি চাকরিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বা অন্যান্য যাচাইপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা ও বৈষম্যের অভিযোগ সামনে এসেছে। কোনো প্রার্থীর রাজনৈতিক পরিচয়, মতাদর্শ বা বৈধ রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নিয়োগে বাধা সৃষ্টি করা হলে তা সমান সুযোগের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
জকসু বলছে, সরকারি চাকরিতে নিয়োগের মূল ভিত্তি হওয়া উচিত মেধা, যোগ্যতা, দক্ষতা ও নির্ধারিত আইনগত শর্ত। কোনো নাগরিকের রাজনৈতিক মতাদর্শকে চাকরির যোগ্যতা নির্ধারণের মানদণ্ড করা উচিত নয়। তবে অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ প্রস্তুতি ও প্রতিযোগিতার পর চূড়ান্তভাবে নির্বাচিত অনেক চাকরিপ্রার্থী নিয়োগপত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তাই ভেরিফিকেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে জকসু।