রাজশাহী সীমান্তে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ইউসুফপুর বিওপির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীর এলাকায় অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দ করা মালামালগুলো মালিকবিহীন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল শুল্ক অফিস, রাজশাহীতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।