রাবিতে দুই দিনব্যাপী ‘কারাম উৎসব’ উদযাপন
ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দুই দিনব্যাপী ‘কারাম উৎসব’ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাবি কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তমঞ্চে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার সন্ধ্যায় কারাম গাছের ডাল বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।
কারাম উৎসব উপলক্ষে শনিবার সকালে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন আয়োজকরা। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাবির সমতলের আদিবাসী শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, বর্তমান সময়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত না হলে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই দেশের অন্যান্য জনগোষ্ঠীর মতো সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদেরও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের, বিশেষ করে তাদের নেতৃবৃন্দকে শিক্ষার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। উপাচার্য বলেন, বাংলাদেশে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সেই অধিকার ও সুযোগ কাজে লাগিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাইকে এগিয়ে আসতে হবে।