বাঘায় ডিবি পুলিশের অভিযান: ঘরে মিলল ২ পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পালিয়ে যেতে সক্ষম হন।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
খাটের নিচে ছিল অস্ত্র ও গুলি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর নাপিতপাড়া এলাকার রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ঘরের খাটের নিচ থেকে দুটি কাঠের বাটসদৃশ সচল পিস্তল, মরিচা ধরা তিনটি খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন ডিবি সদস্যরা।
স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তাঁর স্বামী মো. রুবেল হোসেনের বিরুদ্ধে বাঘা থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে এবং পলাতক রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র-গুলি ও গ্রেপ্তার নারী আসামিকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি বাস্তবায়নাধীন রয়েছে। পলাতক আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।