ইউনানে চীনা ভাষা কর্মসূচি পরিচালকদের সভায় বক্তব্য দিলেন রাবির উপ-উপাচার্য
রাবি প্রতিনিধি: চীনের ইউনান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘Joint Meeting of Heads of Chinese Language Departments from Universities in Yunnan and South Asian Countries’-এ মূল বক্তব্য দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অধ্যাপক মামুনুর রশীদ ‘The Current Landscape of Chinese Language Education in Bangladesh and Prospects for China-Bangladesh University Cooperation’ শীর্ষক বক্তব্য দেন। এতে বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার বর্তমান পরিস্থিতি, এর ক্রমবর্ধমান গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন তিনি।
একই সঙ্গে বাংলাদেশ ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভাষা শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সভায় অধ্যাপক মামুনুর রশীদ ‘Yunnan-South Asia Cooperation Group of University Chinese Program Directors’-এর ফলক উন্মোচন করেন। এ উদ্যোগের মাধ্যমে ইউনান ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চীনা ভাষা শিক্ষা এবং সংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, অধ্যাপক মামুনুর রশীদ এবং রাবির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিমকে দুই বছরের জন্য Yunnan-South Asia Cooperation Group of University Chinese Program Directors-এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনভেনর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে ইউনান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পৃক্ততা ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে রাবির পক্ষ থেকে আয়োজকদের স্মারক উপহার প্রদান করেন অধ্যাপক মামুনুর রশীদ। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বন্ধুত্ব ও একাডেমিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।