সাধারণ
বুড়িগঙ্গা রক্ষায় সোয়ারীঘাটে ভাসমান বাজার
প্লাস্টিক ও বর্জ্যরে দূষণ থেকে বুড়িগঙ্গাকে রক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনায় জনগণকে সচেতন করতে শুরু হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ‘বর্জ্যরে বিনিময়ে ভাসমান বাজার’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় কার্যক্রমটির উদ্বোধন করা হয়। এতে একটি সাজানো লঞ্চকে সাময়িক ভাসমান বাজার হিসেবে প্রস্তুত করা হয়েছে। নদীর তীর ও আশপাশে ছড়িয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে জমা দিলেই বিনিময়ে উপহার হিসেবে মিলছে চাল, ডালসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, প্রাচীন ঢাকা গড়ে উঠেছিল এই নদীকে কেন্দ্র করে। অথচ যত্রতত্র বর্জ্য ফেলায় বুড়িগঙ্গার অস্তিত্ব এখন বিপন্ন। নদীকে বাঁচাতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্জ্য রিসাইক্লিং করে বিদ্যুৎ, গ্যাস, সার ও জ্বালানি উৎপাদনের কাজ প্রক্রিয়াধীন। বর্জ্য সম্পদে পরিণত হলে তা আর যেখানে-সেখানে ফেলা হবে না।
Source
দেশ রূপান্তর
· নিজস্ব প্রতিবেদক