সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। তৃতীয় দফায় গণনার ৩৪ দিন পর গতকাল শনিবার সকাল ৯টা থেকে টাকা গণনা শুরু হয়। গণনা শেষে সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, এবার দানবাক্সগুলোতে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে স্বর্ণালঙ্কার, বিদেশি মুদ্রাসহ বিভিন্ন ধরনের চিরকুট।

জানা যায়, সকালে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে মাজারের তিনটি বড় ডেগ ও পাঁচটি দানবাক্সের তালা খুলে টাকাগুলো বস্তায় ভর্তি করা হয়। এরপর মাজার প্রাঙ্গণে টাকা গণনা শুরু হয়। স্বেচ্ছাসেবীদের সহায়তায় মেশিন দিয়ে টাকা গণনা করা হয়।

সন্ধ্যায় গণনা শেষে টাকা ও প্রাপ্ত অন্য মালপত্রের হিসাব তুলে ধরেন সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, মোট টাকা পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬। স্বর্ণ পাওয়া গেছে ১ ভরি ৯ আনা ২ রতি। পাশাপাশি মিলেছে ১৫ দেশের বৈদেশিক মুদ্রা। যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ২৫ পয়সা, পাপুয়া নিউগিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান ও ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।

এর আগে তিন দফায় মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। গত ২২ জুন প্রথম দফায় দানবাক্স থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে আরও পাঁচ লাখ টাকা যুক্ত করা হলে মোট অর্থ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খুলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণ-রুপাও পাওয়া যায়। তৃতীয় দফায় ১৫ আগস্ট দানবাক্সে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা।